ইমাম চত্বরের পুনঃনির্মাণ কাজ শুরু: কমিটির সাফল্!
এস এম আলমগীর হুসাইন: স্টাফ রিপোর্টার;
ফরিদপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা ইমাম উদ্দিন চত্বর অবশেষে পুনঃনির্মাণের পথে হাঁটছে। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই চত্বরকে আধুনিক নকশায় গড়ে তোলার দাবি জানিয়ে আসছিল ভাঙ্গা–ফরিদপুর ৪ লেন বাস্তবায়ন আন্দোলন কমিটি। অবশেষে সড়ক ও জনপথ বিভাগ তাদের দাবিকে বাস্তবে রূপ দিতে মাঠে নেমেছে।
ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত চার লেন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোর উন্নয়ন দাবিও তুলেছিল আন্দোলন কমিটি। ইমাম উদ্দিন চত্বর সেই দাবির অন্যতম ছিল। তাদের ধারাবাহিক আন্দোলন, স্মারকলিপি ও দাবি-দাওয়ার প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগ চত্বরটির পুনঃনির্মাণ কাজে হাত দেয়।
প্রস্তাবিত ডিজাইন অনুযায়ী চত্বরটিকে নতুন রূপে সাজানো হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন নকশা ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শহরের সৌন্দর্য ও আধুনিকতার প্রতীক হিসেবে দাঁড়াবে।
ইমাম উদ্দিন চত্বর ফরিদপুরের মানুষের আবেগ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চত্বরটির পাশে অবস্থিত জনতা ব্যাংকের শাখা ফরিদপুর বাসীর কাছে দীর্ঘদিনের পরিচিত একটি স্থাপনা। এ কারণে পুনঃনির্মাণ প্রকল্প স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ফরিদপুরবাসী ও আন্দোলন কমিটি ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগকে ধন্যবাদ জানিয়েছে। তাদের বিশ্বাস, এই পুনঃনির্মাণ কাজ শুধু একটি স্থাপনা গড়ে তোলা নয়, বরং ফরিদপুরের ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বমঞ্চে তুলে ধরবে।