হোমনায় মাজারে হামলা মামলায় প্রথম গ্রেফতার: দুই আসামিকে আদালতে প্রেরণ!

মোঃ আবুল কালাম আজাদ;

কুমিল্লার হোমনা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির জেরে সংঘটিত মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে গ্রেফতার শুরু করেছে পুলিশ।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঘটনার ৭২ ঘণ্টা পর সকালে আছাদপুর এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইব্রাহিম (পিতা: আব্দুল আউয়াল) এবং মো. শহীদুল্লাহ (পিতা: আনু মিয়া)। তাদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে।

এর আগে হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাত ২২০০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দোষীদের শনাক্তের কাজ চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা সংস্থার সহায়তায় তৎপরতা অব্যাহত রয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমাদের অভিযান অব্যাহত আছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে আরও আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে হামলা-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মাজার ও বাড়িগুলোর পুনর্নির্মাণ কাজ এখনো শুরু হয়নি।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্ক নিয়ে দিন পার করছে। তবে এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে।