হোমনায় মাজারে হামলা-অগ্নিসংযোগ মামলায় এখনো গ্রেফতার নেই, দোষীদের শনাক্তে পুলিশের তৎপরতা!

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির জেরে মাজারে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে দোষীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাত ২২০০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাও মাঠে নেমেছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে বলেন,
“আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।”

প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিভিন্ন মাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন,
“আইন নিজের হাতে তুলে না নিতে সবাইকে সতর্ক করা হয়েছে। অপরাধীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।”

এদিকে স্থানীয় সূত্র জানায়, হামলা-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মাজার ও বাড়িগুলোর পুনর্নির্মাণ কাজ শুরু হয়নি। ভুক্তভোগী পরিবারগুলো এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে।

অন্যদিকে, বৃহস্পতিবার আসাদপুর বাজারে স্থানীয় মুসলিম জনতার উদ্দেশে সভা করে এলাকার ধর্মীয় নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে হোমনা উপজেলায় পরিস্থিতি শান্ত অবস্থা বিরাজ করছে।