মাদারীপুরে ডাসায় পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুর
মাদারীপুরের ডাসার উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। পানিতে ডুবে মারা গেছে দুই ভাই—হাফিজ ও হামজা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে তারা বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের দেখা না মেলায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। সন্ধ্যা সাতটার দিকে পুকুরে ছোট ছেলের স্যান্ডেল ভেসে থাকতে দেখে এলাকাবাসী সেখানে খোঁজ শুরু করে। প্রথমে উদ্ধার করা হয় ছোট ভাই হামজার নিথর দেহ, কিছুক্ষণ পরেই পাওয়া যায় বড় ভাই হাফিজের লাশও।
দুই শিশুর লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে রাতেই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
একসাথে দুই সন্তানের মৃত্যুতে বাবা-মা বাকরুদ্ধ। শোকে ভেঙে পড়েছে পরিবার। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, এ শোক কোনোভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।