ভাঙ্গায় তাণ্ডব: প্রধান আসামি সাবেক এমপি নিক্সন চৌধুরীসহ শতাধিকের নামে মামলা
ভাঙ্গা (ফরিদপুর)
ফরিদপুরের ভাঙ্গায় ভাঙচুর ও হামলার ঘটনায় থানার এসআই আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে এক নম্বর আসামি এবং হামিরদি ইউনিয়নের খোকন মিয়াকে দুই নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলা ও ভাঙচুরে প্রায় ৫০ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি হয়েছে।
ঘটনার সূত্রপাত ফরিদপুর-৪ আসনের আওতাধীন আগলি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত থেকে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ভাঙ্গা গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ এবং ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছিল।
পুলিশের দাবি, যুবলীগ, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে উপজেলা প্রশাসন ও থানা ভবনে ব্যাপক হামলা চালায়। এতে অফিসকক্ষ, আসবাবপত্র, রেকর্ডপত্রসহ নানা সরকারি স্থাপনা ভাঙচুরের শিকার হয়।
এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেয় । এরই ধারাবাহিকতায় আগলি ও হামিদদি ইউনিয়নের প্রায় ৯০ জনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়। এবং ওই মামলায় আগে ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান কে গ্রেপ্তার দেখানো হয়েছে
পুলিশ বলছে, পরিস্থিতি এখনো থমথমে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে ।