হোমনায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: যুবক আটক, এলাকায় বিক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি!
মোঃ আবুল কালাম আজাদ
কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে নবীজি (সা.) সম্পর্কে কটূক্তিমূলক পোস্ট দেন মহসিন।
এতে স্থানীয় মুসলিম জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা থানার সামনে জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
এ ঘটনায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মহসিন উপজেলার আছাদপুর গ্রামের আলেক শাহর ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।
স্থানীয় ইসলামি সংগঠনের নেতারা অভিযোগ করেন, মহসিন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন। তারা তার কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডেরও দাবি জানান।
তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা থানায় উপস্থিত হন।