রাজশাহীতে ৪৬২ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব: প্রস্তুতিতে প্রশাসন ও পূজা উদযাপন কমিটি সক্রিয়

অপু, স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই ধর্মীয় উৎসব উদযাপন হবে জেলার মোট ৪৬২টি পূজা মণ্ডপে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং ৮০টি মণ্ডপ নগরীতে অনুষ্ঠিত হবে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজা শেষ হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, পূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।

সভায় জানানো হয়, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেবেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল কাজ করবে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্গোৎসবকে ঘিরে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জেলার বিভিন্ন স্থানে প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে। প্রতিমার সাজসজ্জায় কোথাও ঐতিহ্যের ছোঁয়া, আবার কোথাও আধুনিকতার ছাপ দেখা যাচ্ছে। শিল্পীরা দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা রঙ ও অলংকরণে।