হোমনা-দুলালপুর সড়কে জনদুর্ভোগ: গর্তে ভরা রাস্তায় ঝুঁকিপূর্ণ যাতায়াত!

মোঃ আবুল কালাম আজাদ;
কুমিল্লার হোমনা উপজেলা সদর থেকে দুলালপুর বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে সংস্কারহীন এ সড়কের পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার কারণে প্রতিদিনের বৃষ্টিতে এসব গর্ত পানিতে ঢেকে ডুবো ফাঁদে পরিণত হচ্ছে।

ফলে প্রতিদিন শত শত সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল এমনকি অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ডুবো গর্ত সনাক্ত করতে না পারায় প্রায়ই সিএনজি ও অটোরিকশা উল্টে দুর্ঘটনায় পতিত হচ্ছে। এতে চালক ও যাত্রী আহত হওয়ার পাশাপাশি গাড়ির মালিকরাও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে দুলালপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন বাজার, অফিস, স্কুল-কলেজ, চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াত করেন।

রাস্তার বর্তমান দুরবস্থা মানুষের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বিশেষ করে জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যা অনেক সময় জীবনহানির ঝুঁকি বাড়াচ্ছে।

একজন পথচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এই রাস্তায় প্রতিদিন আমাদের বৃদ্ধ, শিশু, অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের চলাফেরা দুষ্কর হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।”

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে এ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি। তারা সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।