নবীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামে নাহিদা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে রোববার (৩০ মার্চ) নবীনগর থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, শনিবার (২৯ মার্চ) রাতে স্থানীয়রা নাহিদার মরদেহ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে নবীনগরের লাউর ফতেহপুর গ্রামের শিশু মিয়ার ছেলে তানভীর আহমেদের সঙ্গে কুমিল্লার মুরাদনগর উপজেলার গাঙ্গেরকোট গ্রামের খলিল মিয়ার মেয়ে নাহিদা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই নাহিদাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করা হতো। স্বামী তানভীর আহমেদ কয়েক বছর আগে প্রবাসে যান এবং সম্প্রতি দেশে ফেরার পর তাদের মধ্যে পারিবারিক কলহ আরও বেড়ে যায়।
এদিকে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। স্বামীর পরিবারের দাবি, এটি আত্মহত্যা; তবে নিহতের বাবার বাড়ির পক্ষ অভিযোগ করছে, নাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে মৃতের মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।”
অনলাইন ডেস্ক: 











