পলাশে বিলের গভীর পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
জেলা প্রতিনিধি: (নরসিংদী)
মোঃমামুন মোড়ল
নরসিংদীর পলাশ উপজেলায় বিলের পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গাজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসূফ মোল্লার ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সিহাব তার এলাকার কয়েকজন ছোট ভাইকে নিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্যরা তীরে উঠে বিষয়টি স্থানীয়দের জানালে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে সিহাবের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















