গোদাগাড়ীতে ৪০ লাখ টাকায় লিজ নেওয়া আম বাগান দখলের অভিযোগ, বিএনপির কার্যালয় স্থাপনের চেষ্টা
মোঃ রাজু
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে ১৬ বিঘা আম বাগান দখল করে বিএনপির কার্যালয় স্থাপনের অভিযোগ উঠেছে আসলাম কবির সুমন এর বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার ২ নং মোহনপুর ইউনিয়নের কিসমত আয়ড়া মৌজাস্থ জে.এল নং-৭৮ এর অন্তর্গত উক্ত আম বাগানটি নিয়ে এই বিরোধের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মোঃ একরামুল হকের অভিযোগ অনুযায়ী, তিনি গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা মোঃ আসলাম কবির (৪৫), পিতা- মোঃ এরফান আলীর কাছ থেকে গত ২২ আগস্ট ২০২৪ তারিখে ১০ বছরের জন্য জমিটি লিজ নেন। চুক্তি অনুযায়ী প্রতি বিঘা জমির বার্ষিক মূল্য ৫ লাখ টাকা নির্ধারিত হয়, যা মোট হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ অর্থে দাঁড়ায়।
লিজ গ্রহণের পর থেকে প্রায় ১৯ মাস ধরে তিনি শান্তিপূর্ণভাবে বাগানটি ভোগদখল করে আসছিলেন এবং বাগানের নিরাপত্তার জন্য পাহারাদারও নিয়োগ করেছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত আসলাম কবির জোরপূর্বক বাগানে প্রবেশ করে সেখানে নিয়োজিত পাহারাদারদের মারধর করে বের করে দেন। পরবর্তীতে তিনি বাগানটির নিয়ন্ত্রণ নিয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিনের নির্বাচনী ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়ে বাগানটি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ১১ মার্চ ২০২৬ তারিখে গোদাগাড়ী মডেল থানায় অভিযুক্ত আসলাম কবিরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে অভিযুক্ত আসলাম কবিরের বক্তব্য জানার জন্য একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গোদাগাড়ী মডেল থানার এএসআই রেজাউল করিম জানান, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি)র নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, ভুক্তভোগী একরামুল হক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ রাজু 









